খুলনার কয়রায় শিশুদের অপুষ্টি দূরীকরণ প্রকল্পের আওতায় বিতরণকৃত সয়া প্রোটিন বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদে উত্তীর্ণের তারিখ ভুলভাবে মুদ্রিত হওয়ায় স্থানীয় জনমনে সাময়িক বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের তৎপরতায় বিষয়টি দ্রুত পরিষ্কার করা হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের মধ্যে পুষ্টিকর এই বিস্কুট বিতরণ করা হয়। বিতরণের পর কার্টনের গায়ে থাকা তারিখ ঠিক থাকলেও প্যাকেটে লেখা তারিখ নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। প্যাকেটে মুদ্রিত তারিখ দেখে অনেকে বিস্কুটগুলো মেয়াদোত্তীর্ণ বলে ধারণা করেন, যা নিয়ে অভিভাবকদের মাঝে কিছুটা উৎকণ্ঠা তৈরি হয়। খোঁজ নিয়ে জানা যায়, মূলত প্যাকেটের গায়ে তারিখ মুদ্রণে ভুলের কারণেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। পণ্যগুলোর মান ও ব্যাচ নম্বর সঠিক রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সয়া প্রোটিন প্রজেক্ট লিমিটেডের কয়রা উপজেলার অপারেশন কর্মকর্তা কামরুল হাসান দিপু জানান, বিস্কুটের প্রকৃত মেয়াদের গুণগত মানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ২০২৬ সালের মে মাসে কাজের আদেশ দেওয়া হয়। প্যাকেটের গায়ে তারিখ মুদ্রণে ভুল থাকায় এমন ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে এর ব্যাচ নম্বর সঠিক রয়েছে। মূলত উৎপাদনের তারিখ হবে ২০২৬-২৭ এবং মেয়াদোত্তীর্ণের তারিখও একইভাবে নির্ধারিত। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে তাৎক্ষণিকভাবে বিতরণকৃত বিস্কুটগুলো তুলে নেওয়া হয়েছে এবং শিশুদের তা খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। কয়রা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুর রউফ এ বিষয়ে বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভবিষ্যতে যেকোনো খাদ্যপণ্য সরবরাহের আগে প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তারিখ নির্ভুলভাবে মুদ্রণ, পণ্যের মান যাচাই এবং বিতরণ কার্যক্রমে যথাযথ তদারকি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রশাসনের দ্রুত পদক্ষেপে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম
কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ
-
এস এম এ রউফ (কয়রা) খুলনা - আপডেট সময় ০২:৪১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















