পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের পাঠশালার সামনে অবস্থিত বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন অঙ্গন টাওয়ারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ভবনটির নিচতলায় থাকা তিনটি বিদ্যুতের মিটার সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও দুটি মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ১১ নভেম্বর বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন ভবনটির মালিক। আগুন লাগার পর বিকট শব্দ শুনে আশপাশের লোকজন বিষয়টি টের পান। পরে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে হাসপাতাল, অফিস ও আবাসিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকা বহুতল ভবনটি বড় ধরনের অগ্নিকা-ের ক্ষতি থেকে রক্ষা পায়। ভবনটির মালিক মনির হোসেনের অভিযোগ, এ ঘটনায় তিনি মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আব্দুল্লাহ নামে একজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও অগ্নিকা-ের রহস্য উদঘাটন না হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি পরিকল্পিত নাশকতা, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাতÑতা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছেন ভবনটির মালিক ও স্থানীয়রা। এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন উঠেছে, জনবহুল পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ বহুতল ভবনে গভীর রাতে এমন অগ্নিকা-ের নেপথ্যে কী রয়েছে? তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় অঙ্গন টাওয়ারে রহস্যজনক অগ্নিকান্ড, পুড়ল ৩ বিদ্যুতের মিটার থানায় লিখিত অভিযোগ দুই দিনেও উদঘাটন হয়নি আগুনের রহস্য
-
বেল্লাল হোসাইন (মঠবাড়িয়া) পিরোজপুর - আপডেট সময় ০২:৪৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















