সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ না পাকিস্তান- কোনো দলকেই বেছে নিতে চান না ভারতের কোচ। দুই দলকেই সমানভাবে মোকাবিলার প্রস্তুতি রাখছেন তিনি। তবে ফাইনালের আগে তার চোখে এগিয়ে বাংলাদেশই।
গতকাল শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ২-১ গোলে হারিয়ে চলতি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। আর একই দিনে রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
সেমিফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে প্রশ্নের জবাবে ভারত কোচ নওশাদ মুসা বলেন, ‘আমি যে কোনো দলের বিপক্ষেই খেলতে প্রস্তুত। এভাবে তো বেছে নেওয়ার সুযোগ নেই যে, আমি পাকিস্তানকে চাই। যে দলই আসুক, আমাদের প্রস্তুত থাকতে হবে।’
তবে বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে আলাদা করে কথা বলেছেন তিনি। তার মতে, এই মুহূর্তে ফাইনালে ওঠার দৌড়ে বাংলাদেশই ফেভারিট। যদিও মাঠের পারফরম্যান্সে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও মনে করেন ভারত কোচ।
তিনি বলেন, ‘এখন নিশ্চিতভাবেই বাংলাদেশকে ফেভারিট মনে হচ্ছে। তবে পরিস্থিতি বদলাতেও পারে। আমার খেলোয়াড়েরা হয়তো পরের ম্যাচে আরও ভালো খেলবে।’
খেলোয়াড় হিসেবে ১৯৯৭ সালে নেপালে সাফের শিরোপা জিতেছিলেন ভারতের এই কোচ। সেবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ। এবার কোচ হিসেবে ফাইনালে উঠে পুরোনো স্মৃতি ফিরছে তার মনে। শিরোপাও জিততে চান তিনি।
‘হ্যাঁ, ঠিক তাই। ১৯৯৭ সালে নেপালে আমরা মালদ্বীপের বিপক্ষে ফাইনাল খেলেছিলাম। স্মৃতিটা আমার কাছে খুবই ভালো। খেলোয়াড় হিসেবে যেমন ফাইনালে ওঠা আনন্দের, কোচ হিসেবেও তেমনই। এবার আশা করি, শিরোপাটাও জিততে পারব। প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি, সেই ধারাটা ধরে রাখতে পারলে দল আরও ভালো হয়ে উঠবে’- বলেন ভারতের কোচ নওশাদ মুসা।
সংবাদ শিরোনাম
বাংলাদেশ নাকি পাকিস্তান, ফাইনালে কাকে চায় ভারত?
-
স্পোর্টস ডেস্ক: - আপডেট সময় ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- 8
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























