গাজীপুরের শ্রীপুরে রাস্তা নির্মাণের মিথ্যা আশ্বাস ও জমির মালিকদের সঙ্গে চুক্তিনামা ভঙ্গ করে রাতের আধাঁরে কৃষি জমির মাটি এবং মৎস্য খামারের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। এ ঘটনায় কৃষকদের মাঝে হতাশা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসার পিছনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলি জমি কেটে ভেকু মেশিন দিয়ে কয়েক ফুট গভীর করে মাটি উত্তোলন করা হচ্ছে। একই সঙ্গে মৎস্য হ্যাচারির পাড়ের মাটিও কেটে নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৩০ ফুট প্রশস্ত পাড়ের মধ্যে অন্তত ২০ ফুট অংশ কেটে মাটি বিক্রি করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, জমির মালিকদের সঙ্গে করা লিখিত চুক্তিনামায় রাস্তা ব্যবহারের বিষয়টি উল্লেখ থাকলেও জমি বা হ্যাচারির পাড়ের মাটি বিক্রি কিংবা ব্যাপকভাবে খননের কোনো শর্ত ছিল না। তারা একাধিকবার বাধা দিলেও রাজনৈতিক পরিচয় ও পেশিশক্তির প্রভাব দেখিয়ে মাটি কাটা অব্যাহত রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগী জমির মালিক লিটন বলেন, আমার ধানিজমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার কথা বলে জমি দিতে রাজি হয়েছিলাম। প্রথমে বলা হয়েছিল এই রাস্তা দিয়ে ট্রাক চলাচল করবে এবং সামনে একটি প্রকল্পের মাটি কাটার কাজ হবে। কিন্তু এখন দেখছি আমার জমি কয়েক ফুট গভীর করে রাতের আঁধারে মাটি কেটে নেওয়া হচ্ছে। চুক্তির শর্ত অনুযায়ী এমন কাজের অনুমতি দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এখলাস উদ্দিন ঢালী, জুয়েল রানা, মোফাজ্জল মিয়া, ফাহাদ আহমেদ, মহিউদ্দিন মারজানসহ আরও অনেকে পেশি শক্তি দেখিয়ে সাধারণ মানুষের জমি থেকে মাটি উত্তোলন করছেন। তাদের দাবি, হ্যাচারির পাড়ের বড় একটি অংশ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। এতে কৃষিজমি ও হ্যাচারির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্থ মৎস্য খামারের মালিক সোহেল রানাকে না পেয়ে তার মুঠোফোনে ফোন করে জানা যায়, উনি বর্তমানে ওমরার জন্য মক্কাতে অবস্থান করছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না তিনি বলেন আমি যখন জানতে পারি তখন তাদেরকে ফোন দিয়ে আমি বাধা দেই কিন্তু তারা আমার কোন কথাই শুনেনি তারা নিজের মতো করে স্বাধীনভাবে আমার পাড় কেটে ফেলেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযুক্তদের মধ্যে একজন এখলাস উদ্দিন ঢালী সাংবাদিকদের বলেন, যেখান থেকে মাটি বিক্রি করা হবে, সেখান থেকে মাটি আনার জন্য জমির মালিকদের সঙ্গে চুক্তিনামা করে রাস্তা নির্মাণের কাজ চলছে। এখনো মাটি কাটা হয়নি। রাস্তা সমান করার জন্য কিছু মাটি কেটে পাশে রাখা হয়েছে। কাজ শেষে জমির মালিকদের জমিতে সেই মাটি দিয়ে সমান করে দেওয়া হবে। আমরা চুক্তিনামা অনুযায়ী কাজ করছি। এর বাইরে কোথাও মাটি কাটা হয়নি। এদিকে রাস্তা নির্মাণের নামে চুক্তি করে কৃষিজমি ও মৎস্য হ্যাচারির পাড় থেকে মাটি উত্তোলনের অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা জানান, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম
শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ
-
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি - আপডেট সময় ০২:৩৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















