কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় এবং আইএমইআই (IMEI) পরিবর্তন চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৯টি সচল মোবাইল, ৭৫টি অচল মোবাইল ও যন্ত্রাংশ, আইএমইআই কাটার মেশিন এবং ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়। গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, অভিযানের শুরুতে চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকা থেকে ওবাইদুল হাসান রাকিব(২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ডাকাতি মামলার লুণ্ঠিত মোবাইলসহ মোট ২টি মোবাইল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া নিউ মার্কেটের ‘টেক মোবাইল’ শো-রুমে অভিযান চালিয়ে দোকানের মালিক মোঃ শিবলু(১৯)-কে ১৩টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজেরা মার্কেটের ‘ইনফিনিটি মোবাইল হাব’-এ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৪২টি মোবাইল ফোন, ৭৫টি মোবাইলের যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম এবং ৪টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে চোরাই ও ডাকাতির মোবাইল এবং ল্যাপটপ কম মূল্যে কিনে আইএমইআই ও অন্যান্য তথ্য পরিবর্তন করে বেশি মূল্যে বিক্রি করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ধারা এবং দ-বিধির ৪১২/৪১৩ ধারায় মামলা দায়ের ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ শিরোনাম
চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার
-
মনির আহমদ কক্সবাজার - আপডেট সময় ০২:৪০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















