চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের নাম ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এক্সেস রোড’ নামকরণ দাবিতে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। গত ১৫ নভেম্বর রবিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দীনের উদ্যোগে আইনজীবীদের একটি প্রতিনিধি দল সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দীন বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মানবিক আইনজীবী। আইনের শাসন, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে তিনি পেশাগত দায়িত্বের পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের পতনে জুলাই যুদ্ধে দুর্বার আন্দোলন করে গেছেন। দেশ ও জনগণের অধিকার রক্ষা‘সহ গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের আন্দোলনেও তিনি ছিলেন একজন সক্রিয় ও সাহসী যোদ্ধা। বিগত ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন ও রক্তচক্ষু উপেক্ষা করে তিনি গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশের এ ক্রান্তিকালীন সময়ে, ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালত অঙ্গনে ফ্যাসিবাদের সহযোগীরা তাঁকে নির্মম ভাবে হত্যা করে। আলিফের স্মৃতিকে চিরস্মরণীয় করে নতুন প্রজন্মের কাছে সেই আদর্শ তুলে ধরতে বাকলিয়া এক্সেস রোডটি শহীদ সাইফুল ইসলাম আলিফের নামে নামকরণ অবশ্যই গণদাবিতে পরিণত হয়েছে। সিডিএ চেয়ারম্যান প্রতিনিধি দলের বক্তব্য গুরুত্বের সাথে অনুধাবণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। চট্টগ্রাম বারের সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ ও অ্যাডভোকেট সাদিয়া খান সহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি
-
সীতাকুন্ড (চট্রগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় ০১:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















