প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রিংভং ও পাগলিরবিল এলাকার সামাজিক বনায়নের অপরিপক্ক গাছ নিধনের অভিযোগ উঠেছে। এসব গাছ কেটে বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে মজুদ এবং ইটভাটায় জ্বালানি হিসেবে পাচার করা হচ্ছে। সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, লামা বন বিভাগের ফাঁসিয়াখালী ইউনিয়নের রইঙ্গা এলাকায় ছড়া খালের ১০০ মিটারের মধ্যে প্রায় ৫ হাজার মণ পাহাড়ি কাঠ মজুদ করেছেন শামসুদ্দীন ও গিয়াসউদ্দিন নামের দুই ব্যক্তি। খালের ওপারে মাত্র ৩০০ মিটার দূরে নাইক্ষ্যংছড়ির কাগজীখোলা এলাকায় তাঁরা একটি অবৈধ ইটভাটা গড়ে তুলেছেন। প্রশাসনিক সীমানার জটিলতার সুযোগ নিতেই ভাটা মালিকরা দুই উপজেলার এই সংযোগস্থলটিকে বেছে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, লামা অংশের বনাঞ্চল থেকে নির্বিচারে গাছ কেটে রইঙ্গা এলাকার খালের পাড়ে স্তূপ করা হচ্ছে। এরপর রাতের আঁধারে নদীপথ ও সংলগ্ন সড়ক ব্যবহার করে ট্রাকে করে এসব কাঠ ওপারে কাগজীখোলার ইটভাটায় পাচার করা হচ্ছে। দিবারাত্রি ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ সড়ক ও ছড়া খালের স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের পাশে ইটভাটা স্থাপন এবং জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ সচেতন মহলের আশঙ্কা, এভাবে নির্বিচারে বন উজাড় হতে থাকলে আসন্ন বর্ষায় ভয়াবহ পাহাড়ধস ও প্রাকৃতিক পানির উৎস শুকিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে এলাকাবাসী প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। দ্রুত দুই উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বিত অভিযানের মাধ্যমে মজুদকৃত কাঠ জব্দ এবং অবৈধ ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভাটা মালিক শামসুদ্দীন ও গিয়াসউদ্দিন দাবি করেন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান এবং সদর রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেককে জানিয়েই তাঁরা এসব জ্বালানি কাঠ মজুদ করেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবানের আঞ্চলিক পরিচালক নুর হাসান সজীবের হোয়াটসঅ্যাপে ভিডিও ফুটেজ পাঠিয়ে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা রিসিভ করেননি। তবে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আঞ্চলিক পরিচালকই ভালো বলতে পারবেন।’
সংবাদ শিরোনাম
চকরিয়ায় সামাজিক বনায়ন উজাড়: লামায় ৫ হাজার মণ কাঠ মজুদ, ওপারে ইটভাটায় পাচার
-
মনির আহমদ কক্সবাজার - আপডেট সময় ০১:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ



















