মুন্সীগঞ্জের গজারিয়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে(১৮) ধর্ষণের পর সে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের পরিবার স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে। অভিযুক্ত সাব্বির নামে এক যুবক, সে স্থানীয় বকুল দেওয়ানের ছেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে সাব্বির দীর্ঘদিন ধরে ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ভয় ও সামাজিক চাপের কারণে কিশোরী বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে কিশোরীর ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে তার মা সন্দেহ করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে অভিযোগ উঠেছে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্তের পরিবার নানা প্রলোভন ও চাপ প্রয়োগ করে বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে কিশোরীর সঙ্গে অভিযুক্তের বিয়ে দেয়ার উদ্যোগও নেয়া হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্তের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। তারা সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। এ বিষয়ে গজারিয়া থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি, ফোন দিলে কল কেটে দেয় । তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।
সংবাদ শিরোনাম
গজারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, দুই মাসের অন্তঃসত্ত্বা ঘটনাটি ধামাচাপার অভিযোগ, স্থানীয়ভাবে বিয়ের চেষ্টা
-
হুমায়ুন কবির মুন্সিগঞ্জ - আপডেট সময় ০৯:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 189
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























