চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেদে পরিবারের সদস্য পেয়ারা বেগম ও সাথী বেগমের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, হয়রানি ও জায়গা দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মতলব উত্তর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী জহিরুল হক প্রধান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালাম হোসেন, বিশা বেপারী, মনজুর আলম, জহির প্রধান, শহীদুল্লাহ, হারুন, আবু কালাম ও বাবুলসহ স্থানীয় গ্রামবাসীরা। শিকিরচর গ্রামের বাসিন্দাদের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, পেয়ারা বেগমের পরিবারের অত্যাচার, মিথ্যা মামলা ও নানা হয়রানিতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়েছে বলে জানান তারা। লিখিত বক্তব্যে জহিরুল হক প্রধান বলেন, তার বাবা ১৯৮৫ সালে মকবুল হোসেনের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে একটি জায়গা লিজ নেন। পরে ২০০৫ সালে সরকারি নিয়ম অনুযায়ী তিনি নিজ নামে লিজ গ্রহণ করে সেখানে ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন ওই স্থানে দোকান পরিচালনা করলেও পরে পৌরসভার উদ্যোগে ম্যুরাল নির্মাণের কথা বলে দোকানটি ভেঙে ফেলা হয়। কিন্তু পরবর্তীতে সেখানে আর কোনো উন্নয়ন কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, ২০১৯ সালে পেয়ারা বেগম জায়গাটি দখলের চেষ্টা করেন। সে সময় তিনি বিদেশে থাকায় তার ভাড়াটিয়ার কাছ থেকে মাসে ১৮ হাজার টাকা করে ভাড়া আদায় করা হয় বলেও দাবি করেন। চলতি বছরের রমজানে দোকানটি মেরামতের উদ্যোগ নিলে বিষয়টি নিয়ে স্থানীয় বণিক সমিতিতে অভিযোগ করা হয়। পরে উভয় পক্ষকে সালিশে ডাকলেও অভিযুক্ত পক্ষ সেখানে উপস্থিত হয়নি বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জহিরুল আরও বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। ৪ মার্চ ২০২৬ তারিখে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলায় তাকে ও আরও কয়েকজনকে আসামি করা হয়। এছাড়া ৪ মে দায়ের করা আরেক মামলায় চাঁদাবাজি, চুরি ও ভাঙচুরের অভিযোগ এনে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বর্তমানে ওই মামলায় আসামিরা জামিনে রয়েছেন। তিনি অভিযোগ করেন, গত ১২ মে সন্ধ্যায় পেয়ারা বেগম নিজ কাপড়ে আগুন লাগিয়ে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ সাজানো নাটক ও ষড়যন্ত্র। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কালাম হোসেন নামের আরেক ভুক্তভোগী। তিনি বলেন, কিস্তিতে কেনা একটি অটোরিকশা নিয়ে বিরোধের জেরে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা হয়। পরে মামলা থেকে রেহাই পেতে তাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে এবং একপর্যায়ে নিজের অটোরিকশাটি বিক্রি করতে বাধ্য হন। ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন, চাঁদপুর জেলা প্রশাসক ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্যের কাছে সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত পেয়ারা বেগম ও সাথী বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ শিরোনাম
মতলব উত্তরে বেদে পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ
-
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি - আপডেট সময় ০৯:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 125
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















