সুন্দরবনের কদমতলা (কোবাদক) স্টেশন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১৩ জুন) ভোর ৫টার দিকে সুন্দরবনের বাইনতলা খাল নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, মাছ ধরার জালসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন-খুলনার কয়রা উপজেলার গোলখালী গ্রামের তরিকুল সরদার(২১), শরিফুল ইসলাম(২৬), ওসমান সরদার(৬০) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আঃ রহমান(৩০)। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম চলায় বর্তমানে সব ধরনের প্রবেশাধিকার ও মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বন বিভাগ। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান এবং কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমানের যৌথ নেতৃত্বে বাইনতলা খাল এলাকায় এ সফল অভিযান পরিচালিত হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা আইন অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজেডএম হাছানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সুন্দরবন পশ্চিম বিভাগ। বন বিভাগ জানিয়েছে, আটককৃত জেলেদের বিরুদ্ধে ইতোমধ্যে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদ শিরোনাম
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২টি নৌকা আটক
-
কয়রা (খুলনা) প্রতিনিধি - আপডেট সময় ০৫:৩৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- 110
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























