পাবনা জেলা পরিষদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিমুল বিশ্বাস
পাবনা সদর আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জীবনের যুদ্ধে মেধাবীরাই টিকে থাকবে এবং সমাজকে আলোকিত করতে গুরুত্বর্পূর্ণ ভূমিকা রাখবে। টিকে থাকতে হবে নিজের পরিবারের ও সমাজের প্রয়োজনে। নিজের মেধাকে কাজে লাগিয়ে অসহায় মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। আজকের মেধাবীরাই আগামী দিনের রাস্ট্র পরিচালক। তাদের দ্বারাই রাস্ট্র পরিচালিত হওয়ার পাশাপাশি বিশ্বের দরবারে দেশের সুনাম অর্জনে সহায়তা করবে। আর সন্তানের পরিচ্ছন্ন জীবনধারা সৃষ্টিতে অভিভাবকদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। পড়ালেখার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের চর্চাসহ নৈতিক ও মানবিক মানুষ হিসেবে নিজেকে দাড় করাতে হবে। রোববার পাবনা জেলা পরিষদের আয়োজনে অস্বচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজা সুলতানা, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাসুদ খন্দকার, যুগ্ম-আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রাব্বানী কামনা, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল আহসান খান রেয়ন। অনুষ্ঠানে পাবনা জেলার বিভিন্ন কলেজের ১২০ জন শিক্ষার্থীদের মাঝে ১৪ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান সহকারী মতিউর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ ও সূধীজন অংশ নেন।
মোবারক বিশ্বাস পাবনা 
























