কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কৃতি সন্তান সৈয়দা তামান্না হোরায়রা সরকারি রাজস্ব আদায়ে অনন্য সাফল্য দেখিয়ে প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। সদ্যসমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরে তাঁর নেতৃত্বে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস প্রায় ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় করে সরকারের কোষাগারে জমা দিয়েছে। ভূমি প্রশাসনে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা, ডিজিটাল ভূমিসেবার সম্প্রসারণ এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উপজেলা ভূমি অফিসের তথ্যমতে, দ্রুত ই-নামজারি ও ই-মিউটেশন নিষ্পত্তি, নিয়মিত মাঠপর্যায়ের তদারকি এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ফলে রাজস্ব আদায়ে এই অভাবনীয় সাফল্য এসেছে। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ গত মে মাসে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সৈয়দা তামান্না হোরায়রা জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ এসিল্যান্ড’ নির্বাচিত হন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি, ই-নামজারি ও ই-মিউটেশন কার্যক্রমে উচ্চ নিষ্পত্তির হার, বিপুল পরিমাণ সরকারি ভূমি উদ্ধার এবং হয়রানিমুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। নিজের অনুভূতি ব্যক্ত করে সৈয়দা তামান্না হোরায়রা বলেন, সরকারি রাজস্ব আদায়ে জনগণের সহযোগিতা, সচেতনতা এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি এবং উন্নত ভূমি ব্যবস্থাপনায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। সৈয়দা তামান্না হোরায়রা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোদারপাড়ার বাসিন্দা। তিনি উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও সাংবাদিক মরহুম আবু হোরায়রার কন্যা এবং উপমহাদেশের প্রখ্যাত আলেম, দারুল উলুম দেওবন্দের সাবেক শিক্ষক মরহুম মাওলানা আবুল খায়েরের নাতনি। তাঁর মা জুবাইরা বেগম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক কর্মকর্তা। তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনে নিজ এলাকা চকরিয়ার হারবাংয়ের পাশাপাশি পরিবারের কর্মস্থল বান্দরবানের লামা উপজেলাতেও আনন্দের বন্যা বইছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন।
সংবাদ শিরোনাম
চকরিয়ার কৃতি সন্তান সৈয়দা তামান্নার অনন্য সাফল্য, প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় করে সারাদেশে দৃষ্টান্ত
-
অলি উল্লাহ রনি (স্টাফ রিপোর্টার) কক্সবাজার - আপডেট সময় ০৪:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- 138
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















