সমুদ্রের এই বিশাল আকৃতির বাসিন্দাটি কোনোভাবে পথ হারিয়ে চলে এসেছিল খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয়ে। তবে মানুষের কৌতূহল বা কোনো পাচারকারীর হাতে পড়ার আগেই বন বিভাগের তৎপরতায় উদ্ধার পেয়ে নিজ ঠিকানায় ফিরে গেছে সামুদ্রিক এই অতিথি। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খাঁসিটানা বন টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আংটিহারা গ্রাম থেকে কচ্ছপটি উদ্ধার করেন। পরে সেটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, একটি সামুদ্রিক কচ্ছপ লোকালয়ে আটকে আছেÍএমন একটি নির্ভরযোগ্য খবর পৌঁছায় খাঁসিটানা বন টহল ফাঁড়িতে। তাৎক্ষণিকভাবে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে বনকর্মী, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ঠঞজঞ) এবং কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (ঈচএ) সদস্যরা অভিযানে নামেন। তারা দ্রুততম সময়ে আংটিহারা গ্রাম থেকে কচ্ছপটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পরে ওজন মেপে দেখা যায় সামুদ্রিক কচ্ছপটির ওজন ৩০ কেজি। খাঁসিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান জানান: খবর পাওয়ামাত্রই আমরা টিম নিয়ে রওনা হই। কচ্ছপটি উদ্ধারের পর এর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। এটি সম্পূর্ণ সুস্থ থাকায় রাতেই সুন্দরবনের নিরাপদ ও সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। এ বিষয়ে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ সবসময় তৎপর। উদ্ধারকৃত কচ্ছপটি সুস্থ ও সতেজ ছিল, তাই দেরি না করে সেটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, জলবায়ু পরিবর্তন বা অন্য যেকোনো কারণে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসতে পারে। এমন পরিস্থিতিতে কেউ যেন আতঙ্কিত না হন কিংবা প্রাণীটির কোনো ক্ষতি না করেন। দেখা মাত্রই দ্রুত বন বিভাগকে খবর দিন। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সাধারণ মানুষের সচেতনতা এবং সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।
সংবাদ শিরোনাম
সুন্দরবনের কচ্ছপ লোকালয়ে: ৩০ কেজির সামুদ্রিক অতিথিকে বনে ফেরাল বন বিভাগ
-
এস এম এ রউফ (কয়রা) খুলনা - আপডেট সময় ০৩:১৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- 139
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















