ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের স্মরণে নেত্রকোনায় গভীর শ্রদ্ধা, মর্যাদা ও আবেগঘন পরিবেশে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ছাত্র-জনতা এবং সর্বস্তরের মানুষ। সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। সকাল ৭টায় প্রথমেই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দেশের আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা ও শান্তি রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। দিনব্যাপী বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, জুলাই ছাত্র-জনতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ফুলে ফুলে সজ্জিত হয়ে ওঠে জুলাই স্মৃতিস্তম্ভের বেদি, আর পুরো প্রাঙ্গণজুড়ে বিরাজ করে এক শোকাভিভূত ও শ্রদ্ধাময় পরিবেশ। উপস্থিত বক্তা ও সাধারণ মানুষ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আদর্শ, সাহস, দেশপ্রেম এবং ন্যায়বিচারের চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংবাদ শিরোনাম
নেত্রকোনায় জুলাই শহীদদের প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ
-
নেত্রকোনা প্রতিনিধি - আপডেট সময় ০২:২৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 66
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















