মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় গ্রামের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ গ্রামবাসী অংশ নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানান। মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে কুঞ্জবন গ্রামে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত জনপ্রতিনিধিরা বারবার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তা বাস্তবায়ন হয়নি। ফলে গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা বছরের পর বছর অবহেলিত অবস্থায় রয়েছে। গ্রামবাসীরা জানান, বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। গ্রামে দুটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি পাক পাঞ্জাতন মোকাম থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন।
কিন্তু কাদামাটির কারণে সিএনজি অটোরিকশা ও টমটম চলাচল করতে পারে না। অসুস্থ রোগী, গর্ভবতী ও প্রসূতি নারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে অনেক সময় বাঁশের তৈরি পলো ব্যবহার করতে হয়। মানববন্ধনে গ্রামবাসী সর্দার হারুন মিয়ার বাড়ি থেকে ইনুছ মিয়ার বাড়ি, শ্যামল মাস্টারের বাড়ি থেকে কদ্দুছ মিয়ার বাড়ি, মেরাজ মিয়ার বাড়ি থেকে কালাম মিয়ার বাড়ি এবং আওয়াল মিয়ার বাড়ি থেকে রহমত আলীর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন মো. শাহীন মিয়া, মো. সুলেমান, মো. ইয়াকুব মিয়া, মো. জাহাঙ্গীর, মো. জুবায়েল, মো. কদ্দুছ আলী ও মোছা. হাসিনা বেগম। তারা শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন। শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ শিরোনাম
কুঞ্জবনের কাঁচা রাস্তা পাঁকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
-
এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার - আপডেট সময় ০২:৩২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 81
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















