হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুজন চন্দ্র সাহার বিরুদ্ধে অনিয়মিত অফিস করা এবং সেবা প্রদানে অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তার অনিয়মিত উপস্থিতির কারণে গর্ভনিরোধক ইমপ্লান্ট গ্রহণকারী অনেক নারী সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগ অনুযায়ী, সরকার নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় অফিসে উপস্থিত হওয়ার পরিবর্তে ডা. সুজন চন্দ্র সাহা প্রায়ই সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কর্মস্থলে আসেন এবং অল্প সময়ের মধ্যেই অফিস ত্যাগ করেন। বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কার্যালয় থেকে বের হয়ে যেতে দেখা যায়, যদিও সরকারি অফিস সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ভুক্তভোগীরা জানান, যেসব নারীর গর্ভনিরোধক ইমপ্লান্টের মেয়াদ শেষ হয়েছে, তারা নির্ধারিত সময়ে ইমপ্লান্ট অপসারণের জন্য পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসে চিকিৎসককে না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া অভিযোগ রয়েছে, মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতটি স্বাস্থ্যকেন্দ্র ও চারটি আরডি (জউ) কেন্দ্র নিয়মিত পরিদর্শনের দায়িত্ব থাকলেও তিনি তা যথাযথভাবে পালন করছেন না। বুধবার দুপুর ১টার দিকে ডা. সুজন চন্দ্র সাহার অবস্থান সম্পর্কে জানতে চাইলে কার্যালয়ের সংশ্লিষ্টরা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। পরে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন। এ বিষয়ে হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক এ কে এম সেলিম ভূঁইয়া বলেন, ডা. সুজন চন্দ্র সাহার অনিয়মিত উপস্থিতির বিষয়টি এতদিন আমার জানা ছিল না। এখন থেকে বিষয়টি তদারকি করা হবে। সরকারি দায়িত্ব পালনে অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকা-ের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম
মাধবপুরে পরিবার পরিকল্পনা চিকিৎসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা কর্তৃপক্ষ
-
শফিকুর রহমান শাহীন স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০২:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 89
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















