ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরেই বিক্ষোভ করছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মোদি সরকার।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, বুধবার (২২ জুলাই) বিকেল থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। এটি আমাদের সকল তরুণ বন্ধুর প্রতি একটি স্থায়ী আমন্ত্রণ। আন্দোলনকারীদের সুবিধামতো সময়েই আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই।’
জিতেন্দ্র সিং জানান, ‘এই আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও অংশ নেবেন। বৈঠকটি নাড্ডার কার্যালয় অথবা বাসভবনে অনুষ্ঠিত হতে পারে।’
তিনি বলেন, ‘সরকার কোনো প্রতিপত্তির প্রশ্ন তুলছে না। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে একটি সমাধানে পৌঁছাতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগেরই এটি একটি অংশ।’
আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিনীতভাবে আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করছি।’
এদিকে, বিক্ষোভস্থল যন্তর মন্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, পুলিশ তাদের জানিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তার বাসভবনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে চান।
তবে তিনি বলেন, ‘আমরা কারও বাড়ি বা অফিসে যেতে অস্বীকার করেছি। গণদরবার এখানেই। মন্ত্রীদের জনগণের মাঝে আসা উচিত। তারা যদি কথা বলতে চান, তাহলে সেই আলোচনা যন্তর মন্তরেই হওয়া উচিত।’
সৌরভ দাস আরও বলেন, ‘নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে বিক্ষোভস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানেও আলোচনায় বসতে তারা প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষিত মানুষ। আমরা সবসময়ই বলে এসেছি যে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, সেটিই সবচেয়ে ভালো।’
শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও মুছে ফেলার নির্দেশ দিল আইআইটি মাদ্রাজ: দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও ভিডিও মুছে ফেলার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ।
প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ ও অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে ভিডিও ও বিভিন্ন পোস্ট প্রকাশ করেছিলেন। পরে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিন ও সংশ্লিষ্ট ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে তাদের এসব পোস্ট ও ভিডিও মুছে ফেলতে বলা হয়।
শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রকাশিত সব ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া হচ্ছে। দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও পোস্ট প্রকাশ করছেন। এর মধ্যেই আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের এই নির্দেশ শিক্ষার্থী মহলে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।সূত্র: এনডিটিভি
মাদক মামলায় জীবন শেষ করে দেব, মুম্বাইয়ে ছাত্রদের পুলিশের হুমকি: আটক করা ছাত্ররা যদি আবার বিক্ষোভে নামে, তাহলে তাদের জীবন শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন মুম্বাই পুলিশের এক সদস্য। বুধবার (২২ জুলাই) পুলিশ ভ্যানের ভেতর ধারণ করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, আটক ছাত্রদের পুলিশ ভ্যানে তোলার পর এক পুলিশ কর্মকর্তা তাদের উদ্দেশে বলছেন, বিক্ষোভে ফিরলে মিথ্যা মাদক মামলা দেওয়া হবে। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, এই মামলা দিয়ে তোমাদের জীবন নষ্ট করে দেব। জামিন পাবে না, জেলে পচে মরতে হবে।
আরও বলেন, আবার যদি বিক্ষোভে দেখি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। তোমাদের পকেটে ৫০ গ্রাম পাউডার ঢুকিয়ে দেব। তখন তোমাদের জীবন শেষ।
এক পর্যায়ে পুলিশ সদস্য স্বীকারও করেন, তোমাদের জন্য আমরাই ভুগছি। ভ্যানের পেছনের সিটে বসা এক ছাত্রকে হাসতে দেখা যায় ভিডিওতে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর কংগ্রেস ও ককরোচ জনতা পার্টি (সিজেপি) তা শেয়ার করে তীব্র সমালোচনা করে। মুম্বাই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে।
মুম্বাইয়ের ডিসিপি (অভিযান) আকবর পাঠান বলেন, এ বিষয়ে তথ্য যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দিল্লিতে প্রশ্নফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হলে তা মুম্বাইয়েও ছড়িয়ে পড়ে। শিবাজি পার্ক, চেম্বুর, আজাদ ময়দানসহ গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা বড় আকারে বিক্ষোভ করছেন গত কয়েক দিন ধরে শহরের বিভিন্ন জায়গায়। সোমবার দিল্লিতে পুলিশের লাঠিচার্জের পর মুম্বাইয়ের আন্দোলন আরও জোরদার হয়। বলিউড তারকা ইমরান খানসহ অনেকে এতে সংহতি জানান।
পুলিশের এমন আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে এ ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়।
সংবাদ শিরোনাম
ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের
-
আন্তর্জাতিক ডেস্ক: - আপডেট সময় ১২:১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- 103
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরেই বিক্ষোভ করছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























