সোমবার (২৭-০৭-২০২৬) সকাল ১১:৩০টা থেকে দুপুর ১:৪৫টা পর্যন্ত গোপালগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জিলানী টুঙ্গিপাড়া উপজেলার অসহায় বন্যার্তদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন। এ সময় তিনি ৩৫ জন বন্যার্তের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করেন। এছাড়াও ২৫ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রত্যেককে ২ বান্ডিল (মোট ১৬টি) ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়। সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ. এম. আনসার, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল শেখ, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর, বিএনপি নেতা মামুন বিশ্বাসসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সহায়তা বিতরণ শেষে সংসদ সদস্য এস এম জিলানী দলীয় নেতাকর্মী ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদের সঙ্গে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য সংসদ সদস্যের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন।
সংবাদ শিরোনাম
দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি এস এম জিলানী: ঢেউটিন আর্থিক সহায়তা বিতরণ, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
-
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- 87
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























