উপকূলীয় দুর্যোগপ্রবণ খুলনা জেলার কয়রা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্রীদের শিক্ষাজীবন ধরে রাখতে বিশেষ আর্থিক সহায়তা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘গার্লস ফার্স্ট ফান্ড’ (এরৎষং ঋরৎংঃ ঋঁহফ)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাল ফাউন্ডেশন’-এর বাস্তবায়নে পরিচালিত ‘প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার আছিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বাছাইকৃত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। প্রকল্পের আওতায় উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২০ জন সুবিধাবঞ্চিত অথচ মেধাবী ছাত্রীকে এই ‘অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ’ প্রদান করা হয়। নির্বাচিত প্রতি শিক্ষার্থী প্রতি মাসে ১,৫০০ টাকা করে টানা ছয় মাস এই আর্থিক সহায়তা পাবে। সংস্থাটির উদ্যোগে কেবল বৃত্তিতেই সীমাবদ্ধ না থেকে কিশোরী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, নারী শিক্ষার গুরুত্ব, আইনি অধিকার, স্বাস্থ্য সচেতনতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারী ও কিশোরীদের ওপর সৃষ্টি হওয়া অতিরিক্ত সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপকূলীয় অঞ্চলে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও প্রতিকূল সামাজিক পরিবেশের কারণে বহু কিশোরীর পড়াশোনা অকালেই বন্ধ হয়ে যায়, যা পরবর্তীতে তাদের বাল্যবিবাহের ঝুঁকিতে ফেলে দেয়। ক্লাব কার্যক্রমের সাথে যুক্ত অত্যন্ত মেধাবী ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন ছাত্রীদের মূল্যায়নের ভিত্তিতে এই স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়েছে। এই অর্থ দিয়ে শিক্ষার্থীরা তাদের বই-খাতা, পোশাক, শিক্ষাসামগ্রী ও যাতায়াত খরচ মেটাতে পারবে, যা শিক্ষা থেকে ঝরে পড়া ঠেকানোর পাশাপাশি পরিবারের ওপর চাপ কমাবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত মেয়ে পুরো পরিবারের পরিবর্তনের মূল কারিগর। প্রাকৃতিক দুর্যোগকবলিত উপকূলীয় এলাকায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন ও নারী শিক্ষার প্রসারে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাল ফাউন্ডেশন ও গার্লস ফার্স্ট ফান্ডের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও ইতিবাচক ভূমিকা রাখবে।
সংবাদ শিরোনাম
কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ
-
কয়রা (খুলনা) প্রতিনিধি - আপডেট সময় ০৯:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- 56
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















