জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য এস এম নূর নবী দুলাল, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর সেক্রেটারি আবু ছায়েদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর মাস্টার নজির আহম্মদ এবং সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর কামাল হোসেন। সভাপতির বক্তব্যে মাওলানা গাজী ছালেহ উদ্দিন বলেন, এক স্বৈরাচারের পতনের পর আবারও স্বৈরাচার প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। বাংলাদেশের ছাত্র-জনতা কখনোই দেশে নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা হতে দেবে না। আমরা সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকব। জুলাইয়ের চেতনাকে মুছে ফেলার যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। তিনি আরও বলেন, সরকার সমালোচনা সহ্য করতে পারছে না। কিছু চাটুকার গোষ্ঠী অতীতে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী শাসকে পরিণত করেছিল, এখন একই প্রবণতা নতুন নেতৃত্বকে ঘিরেও তৈরি করার চেষ্টা চলছে। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের হত্যাকা-ের বিচার, দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগের মূল্যবোধ রক্ষায় রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
আবারও স্বৈরাচার প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে: মাওলানা গাজী ছালেহ উদ্দিন
-
সুমন পাটোয়ারী (দাগনভূঞা) ফেনী - আপডেট সময় ০৩:১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 122
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























