বান্দরবান সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ-এর আওতাধীন এপেক্স ক্লাব অব বান্দরবান। দেশব্যাপী মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এপেক্স ক্লাব অব বান্দরবান-এর উদ্যোগে শনিবার (১ আগস্ট) বেলা ১২ টায় বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের সঙ্গে থাকা অ্যাটেনডেন্টদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। খাদ্য বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান মো: নুরুল আমিন চৌধুরী আরমান, জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক এপেক্সিয়ান কামাল পাশা। এ সময় উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার রুই প্রু মারমা, পিপি এপে. নিনি প্রু, সেক্রেটারি এপেক্সিয়ান মাসংচিং মারমা, ট্রেজারার এপেক্সিয়ান মো. ইকবাল হোসেন, অতীত সভাপতি এপেক্সিয়ান মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব সাঙ্গুর পরিচালক এপেক্সিয়ান সাইফুল ইসলাম, এপেক্স ক্লাব অব নীলাচলের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মং ওয়াইচিং এবং বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক ওসমান গনীসহ বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী বক্তব্যে মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারি সেবার পাশাপাশি সামাজিক ও আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়। তিনি এপেক্স বাংলাদেশের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান মো: নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, এপেক্স বাংলাদেশের মূল দর্শন হলো সার্ভিস-সিটিজেনশিপ-ফেলোশিপ দেশের প্রতিটি অঞ্চলে, বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এপেক্সের অঙ্গীকার। তিনি বলেন, মানুষের মুখে হাসি ফোটানোই এপেক্সিয়ানদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং ভবিষ্যতেও দেশব্যাপী এ ধরনের মানবিক সেবা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
সংবাদ শিরোনাম
বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের মাঝে খাবার পৌঁছে দিল এপেক্স বাংলাদেশ
-
তৈয়ব আলী (লামা) বান্দরবান - আপডেট সময় ০৩:৩১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 116
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















