পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ হাজার ৫০০ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে শপথ গ্রহণের পাশাপাশি মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। মাস ব্যাপী প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপি’র সভাপতি জসীম উদ্দীন ফরাজীসহ বিএনপির নেতাকর্মীরা। আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের মধ্যে একটি করে মশারি, তিন প্যাকেট মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়। কর্মসূচি শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা বাড়ানো প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম শুরু করেছি। প্রথম দিনে পৌরসভার ৯টি ওয়ার্ডের মানুষের মধ্যে মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানোর পাশাপাশি মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে।তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলায় ডেঙ্গুর প্রকোপ বেশি থাকায় মৃত্যুর ঘটনা এড়াতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতার ব্যতিক্রমী উদ্যোগ
-
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি - আপডেট সময় ০৮:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 14
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















