ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে মামলার বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি এবং বাড়িতে হামলার অভিযোগ তুলে নিরাপত্তা দাবি করেছেন বাদী। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে সরিষা ইউনিয়ন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বাদী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি করেন তাঁরা। মানববন্ধনে ভুক্তভোগী তরুণীর ভাই ও মামলার বাদী মো. আল মামুন অভিযোগ করে বলেন, মামলা করার পর থেকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর মধ্যে তাঁদের বাড়িতেও হামলা করা হয়েছে। তিনি এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বাদীর অভিযোগের বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন বলেন, আপনাদের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আপনারা জানেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে প্রত্যেক আসামির সাজা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দাখিল করব।’ বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি এবং বাড়িতে হামলার অভিযোগের বিষয়ে ওসি বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে ওই তরুণী বাড়ি থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তে যাওয়ার জন্য বের হন। পরে মাদ্রাসার শিক্ষিকার মাধ্যমে পরিবার জানতে পারে, বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে তাঁর সঙ্গে খারাপ কিছু ঘটেছে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে তরুণী অভিযোগ করেন, সরিষা মারুয়াখালী এলাকার একটি বসতঘরে নিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় তরুণীর ভাই মো. আল মামুন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করেন। এতে সরিষা মারুয়াখালী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মো. শাহিন মিয়া(৩৬), মৃত আবুল কালামের ছেলে মো. রুবেল(৪২) ও মানিক মিয়ার ছেলে রেজাউল করিম জয়(২২)-কে আসামি করা হয়। অভিযোগের পর গত ২২ সেপ্টেম্বর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে দাখিলের প্রস্তুতি চলছে। মানববন্ধনে আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাজু রায়হান, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি একরাম হোসেন, সহসভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম প্রান্তসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী।
সংবাদ শিরোনাম
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন
-
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় ১০:২০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















