মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জামালপুরের মেলান্দহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকা-ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রোববার (২২ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও হাজরাবাড়ী পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মেলান্দহ পাবলিক অডিটোরিয়াম মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকা-ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারেক রহমান যখন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ শুরু করেছেন, ঠিক সেই সময়ে আওয়ামী লীগ বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। দেশে খুন, জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, খুন-জ্বালাও-পোড়াও করে কোনো লাভ হবে না। জনগণ মাঠে রয়েছে। সাবধান হয়ে যান, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, সাবেক সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরল আলম সিদ্দিকী, হাজরাবাড়ী পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদ সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার জামালপুর 



















