দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দরবন উপকূলের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল বাতাস ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে উপকূলীয় বনভূমি। কিন্তু নদী ও সমুদ্রের অব্যাহত ভাঙনে প্রতিবছর বিলীন হচ্ছে উপকূলের বনভূমির একটি অংশ। এতে ঝুঁকিতে পড়ছে সরকারের বিপুল বিনিয়োগে গড়ে তোলা বনাঞ্চল, বনজসম্পদ, বন্যপ্রাণীর আবাসস্থল এবং উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা। এই সংকট মোকাবিলায় সমুদ্রের ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় উপকরণনির্ভর বিশেষ বেড়া বা প্রতিবন্ধক কাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাÑজাইকার (ঔওঈঅ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগ উপকূলীয় বন রক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করছে। উদ্যোগটির লক্ষ্য, সমুদ্রের ঢেউ সরাসরি বনভূমিতে আঘাত হানার আগেই তার গতিশক্তি কমিয়ে দেওয়া এবং ভাঙনপ্রবণ এলাকায় পলি জমার অনুকূল পরিবেশ সৃষ্টি করা। উপকূলীয় বনভূমির ভাঙন শুধু জমি হারানোর ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্যের অস্তিত্ব, স্থানীয় মানুষের জীবন-জীবিকা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। বনভূমি বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। ফলে বন রক্ষার পাশাপাশি ভাঙনপ্রবণ উপকূলীয় অঞ্চলকে স্থিতিশীল করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। উপকূলীয় অঞ্চলে ভাঙনের অন্যতম প্রধান কারণ সমুদ্রের প্রবল ঢেউ, জোয়ার-ভাটার স্রোত, নদীর প্রবাহ, ঘূর্ণিঝড়জনিত জলোচ্ছ্বাস এবং উপকূলীয় বাতাসের তীব্র গতি। বিশেষ করে সমুদ্রের উন্মুক্ত অংশে ঢেউ সরাসরি বনভূমির ওপর আঘাত হানায় মাটির ক্ষয় বাড়ে। ক্রমাগত ঢেউয়ের আঘাতে গাছের গোড়ার মাটি সরে যায়, শিকড় উন্মুক্ত হয়ে পড়ে এবং একপর্যায়ে গাছ উপড়ে পড়ে কিংবা বনভূমি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। প্রাকৃতিক প্রক্রিয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় ভূপ্রকৃতির অস্থিতিশীলতা এ সংকটকে আরও জটিল করে তুলছে। ফলে প্রচলিত পদ্ধতিতে শুধু গাছ লাগিয়ে বন সৃষ্টি করলেই অনেক ক্ষেত্রে কাক্সিক্ষত সাফল্য পাওয়া সম্ভব হচ্ছে না। বন সৃজনের আগে ভূমির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ঢেউয়ের শক্তি প্রশমনের কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে উঠেছে। এ লক্ষ্যেই সমুদ্রের উন্মুক্ত প্রান্তে নির্দিষ্ট নকশা ও পরিকল্পনা অনুযায়ী স্থানীয়ভাবে সহজলভ্য ও তুলনামূলক স্বল্পমূল্যের উপকরণ দিয়ে বিশেষ বেড়া বা প্রতিবন্ধক কাঠামো নির্মাণ করা হচ্ছে। বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনায় এটি নতুন সংযোজন। এসব কাঠামো ঢেউকে সম্পূর্ণ আটকে না দিয়ে নিয়ন্ত্রিতভাবে তার শক্তি প্রশমিত করতে সহায়তা করে। এতে পানির প্রবাহের গতিশক্তি কমে, মাটির ক্ষয় হ্রাস পায় এবং ভাঙনপ্রবণ এলাকায় পলি জমার অনুকূল পরিবেশ তৈরির সম্ভাবনা থাকে। ধীরে ধীরে পলি জমে ভূমি স্থিতিশীল হলে সেখানে নতুন করে গাছপালা জন্মানো এবং বনায়নের উপযোগী পরিবেশ গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হতে পারে। স্থানীয় উপকরণের ব্যবহার, জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে এ পদ্ধতিকে আরও কার্যকর করার সুযোগ রয়েছে। প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বন রক্ষার এই উদ্যোগের বিশেষত্ব হলো, ব্যয়বহুল ও শক্ত অবকাঠামোর পরিবর্তে তুলনামূলক সহজ উপকরণ দিয়ে ঢেউয়ের আঘাত প্রশমনের চেষ্টা। প্রয়োজন অনুযায়ী কাঠামোর নকশা পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের মাধ্যমে এর কার্যকারিতা মূল্যায়ন করা সম্ভব। এ উদ্যোগ সফল হলে এর সুফল শুধু বনভূমির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উপকূলীয় বন টিকে থাকলে গাছপালা, বন্যপ্রাণী, পাখি, সরীসৃপ, কীটপতঙ্গ ও জলজ প্রাণীর আবাসস্থলও সুরক্ষিত থাকবে। বজায় থাকবে প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য। একই সঙ্গে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় বন প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবে ভূমিকা রাখতে পারবে। বনভূমি রক্ষা পেলে উপকূলীয় জনপদ, কৃষিজমি, ঘরবাড়ি ও অবকাঠামোর ওপর দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমানোর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।
সুরক্ষিত থাকবে বন সৃজন ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণে সরকারের দীর্ঘদিনের বিনিয়োগ। দেশীয় উপকরণনির্ভর বেড়া নির্মাণ এবং বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনার এ উদ্যোগ প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে উপকূল রক্ষার একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার পরিবেশ-প্রতিবেশ রক্ষায় বদ্ধপরিকর। টেকসই উন্নয়নের পূর্বশর্ত পরিবেশ রক্ষা। এ জন্য বনভূমি বাড়ানোর পাশাপাশি বৃক্ষ রোপণ করতে হবে। তবে শুধু বৃক্ষ রোপণ করলেই হবে না, রোপিত গাছ বাঁচিয়ে রাখতেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে সাগরপাড়ে বৃক্ষরোপণের পাশাপাশি ঝড় ও জলোচ্ছ্বাসে যাতে গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জাইকার আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় নেওয়া এ উদ্যোগকে উপকূলীয় ভাঙন মোকাবিলায় সম্ভাবনাময় অভিযোজন কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে এর দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে যথাযথ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, স্থানীয় মানুষের অংশগ্রহণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং উপকূলের ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের ওপর। সমুদ্রের উত্তাল ঢেউয়ের বিরুদ্ধে দেশীয় উপকরণে গড়ে তোলা এই প্রতিবন্ধক কাঠামো কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণের ফলাফলের ওপর। তবে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও প্রকৃতির সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে উপকূলীয় বন, জীববৈচিত্র্য এবং লাখো মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংবাদ শিরোনাম
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া
-
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি - আপডেট সময় ০২:১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- 0
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















