সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে অনেকেরই দিন শুরু হয় না। বাড়িতে অতিথি এলে কিংবা বিকেলের আড্ডাতেও চায়ের কদর আলাদা। কিন্তু প্রতিদিন চা বানানোর পর যে জিনিসটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেই চা-ছাঁকনির যতœ নেওয়া হয় কি? নিয়মিত পরিষ্কার না করলে ছাঁকনির সূক্ষ্ম জালে জমে যায় চায়ের পাতা, ট্যানিন ও ময়লার কালচে-বাদামি আস্তরণ।
দিনের পর দিন এই ময়লা জমতে জমতে ছাঁকনির ছিদ্র বন্ধ হয়ে যায়। ফলে চা ছাঁকতেও সমস্যা হয়। তবে চিন্তা নেই, রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই পরিষ্কার করতে পারেন চা-ছাঁকনি। জেনে নিন সহজ কয়েকটি পদ্ধতি।
বেকিং সোডা ও ভিনিগার
চা-ছাঁকনির গায়ে জমে থাকা জেদি দাগ তুলতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা ও সাদা ভিনিগার। একটি ছোট বাটিতে বেকিং সোডার সঙ্গে অল্প অল্প করে ভিনিগার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ছাঁকনির ময়লা জমা অংশে সেই মিশ্রণ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। মিশ্রণটি ফেনা তৈরি করতে পারে। প্রায় ১৫-২০ মিনিট পর নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। শেষে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। প্রয়োজনে একই পদ্ধতি আবার ব্যবহার করতে পারেন।
বেকিং সোডা দিয়ে ফুটিয়ে নিন
স্টিলের ছাঁকনিতে যদি অনেক দিনের পুরোনো ময়লা জমে থাকে, তা হলে বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন। একটি পাত্রে পর্যাপ্ত পানি নিয়ে তাতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে গরম করুন। পানি ফুটতে শুরু করলে স্টিলের ছাঁকনিটি সাবধানে ডুবিয়ে প্রায় ৫-১০ মিনিট রাখুন। এরপর চুলা বন্ধ করে পানি কিছুটা ঠান্ডা হতে দিন। ছাঁকনিটি বের করে নরম ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
এতে জালে আটকে থাকা চায়ের কণা ও জমে থাকা ময়লা আলগা হতে সাহায্য করবে। তবে এই পদ্ধতি শুধু তাপ সহনশীল স্টিলের ছাঁকনির ক্ষেত্রে ব্যবহার করুন।
লেবুর রসে দূর হবে কালচে দাগ
রান্নাঘরে থাকা লেবুও চা-ছাঁকনি পরিষ্কারের কাজে লাগতে পারে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিছু ধরনের দাগ ও ময়লা আলগা করতে সাহায্য করে। অর্ধেক লেবুর রস ছাঁকনির গায়ে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নরম ব্রাশ দিয়ে জালের দুই দিক আলতো করে ঘষে পরিষ্কার জলে ধুয়ে নিন। হালকা দাগের ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কাজে আসতে পারে।
ডিশওয়াশ লিকুইডে ভিজিয়ে রাখুন
প্রতিদিনের ব্যবহারে ছাঁকনিতে চায়ের দাগের পাশাপাশি তেলতেলে ময়লাও জমতে পারে। এ ক্ষেত্রে একটি পাত্রে হালকা গরম জল নিয়ে তাতে সামান্য লিকুইড ডিশওয়াশ মিশিয়ে নিন। এবার ছাঁকনিটি সেই জলে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পুরোনো নরম টুথব্রাশ দিয়ে জালের কোণাগুলো ধীরে ধীরে ঘষুন। পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিলেই ছাঁকনি আবার ব্যবহারের উপযোগী হবে।
লবণ ও লিকুইড সোপের ব্যবহার
ছাঁকনির জালের কোণায় শক্ত ময়লা জমে গেলে সামান্য লবণের সঙ্গে কয়েক ফোঁটা লিকুইড সোপ মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণ নরম ব্রাশের সাহায্যে ছাঁকনির গায়ে আলতো করে ঘষুন। তবে খুব জোরে ঘষবেন না। তাতে জাল বেঁকে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিষ্কার করার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলুন।
প্লাস্টিকের ছাঁকনি পরিষ্কারে সতর্কতা
প্লাস্টিকের ছাঁকনি পরিষ্কারের সময় কখনোই সরাসরি ফুটন্ত পানি ব্যবহার করবেন না। অতিরিক্ত তাপে প্লাস্টিক বেঁকে যেতে পারে বা নষ্ট হতে পারে। এ ধরনের ছাঁকনি পরিষ্কারে কুসুম গরম পানি, সামান্য ডিশওয়াশ লিকুইড কিংবা লেবুর রস ব্যবহার করতে পারেন। ভিনিগার ব্যবহার করলেও আগে ছাঁকনির উপাদানের সঙ্গে সেটি মানানসই কি না দেখে নিন।
প্রতিদিনের ছোট অভ্যাসেই থাকবে ছাঁকনি পরিষ্কার
ছাঁকনিতে ময়লার পুরু আস্তরণ জমার আগেই পরিষ্কার করা সবচেয়ে ভালো। তাই প্রতিবার চা ছাঁকার পরই ছাঁকনিটি সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। জালের মধ্যে চায়ের পাতা আটকে থাকলে ব্রাশ দিয়ে সরিয়ে দিন। পরিষ্কারের পর ছাঁকনিটি ভালোভাবে শুকিয়ে রাখুন। এতে দীর্ঘদিন ছাঁকনি ব্যবহার করা সহজ হবে।
সূত্র: দ্য স্প্রুস, নিউজ এইটটিন
সংবাদ শিরোনাম
চা-ছাঁকনির কালচে দাগ তোলার ঘরোয়া উপায়
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৮:১৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























