সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের গোপালপুর উপজেলার প্রবাসী যুবক খন্দকার সিফাত(২৬) দুর্ঘটনার ৩৪ দিন পর কফিনবন্দি মরদেহ হয়ে নিজ বাড়িতে ফিরেছেন। শনিবার তার মরদেহ গোপালপুর উপজেলার রামদেববাড়ী গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সিফাত রামদেববাড়ী এলাকার খন্দকার আরশেদ আলীর একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি সেখানে একটি কফিলের বাসায় কাজ করতেন। পরিবার জানায়, সিফাত বিয়ের উদ্দেশ্যে শিগগিরই দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। ইতোমধ্যে তার বিয়ের জন্য বাড়িতে পাত্রীও দেখা হচ্ছিল। পরিবারের স্বপ্ন ছিলÍপ্রবাস থেকে ফিরে ছেলে বিয়ে করে সুখের সংসার গড়বেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। প্রবাসের মাটিতেই থেমে গেল তার তরুণ জীবন। জানা গেছে, পরিবারের একমাত্র ছেলে হওয়ায় সিফাত ছিলেন মা-বাবার সব আশা-ভরসার কেন্দ্র। অনেক কষ্ট করে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলেন তার বাবা-মা। তার মৃত্যুতে পরিবার ছাড়াও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত সিফাতের পরিবারে মা-বাবা ছাড়াও দুই বোন রয়েছে। তার অকাল মৃত্যুতে স্বজন, বন্ধু ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।