সেপ্টেম্বর ৪, ২০২৬ সাল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী শহীদ বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে সিলেট জেলার কানাইঘাটে পাকিস্তানী দখলদার বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধে শহীদ হন বাংলা মায়ের সাহসী সন্তান খাজা নিজামউদ্দিন ভূঁইয়া। সিলেট অঞ্চলের ৪ নম্বর সেক্টরের সাব-সেক্টর জালালপুরের যুদ্ধ পরিচালনার জন্য প্রথমে সাব-সেক্টর সেকেন্ড ইন কমান্ড এবং পরবর্তীতে সাব-সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করেন। রণাঙ্গনে খাজা নিজামউদ্দিন ভূঁইয়া এতই চৌকষ ছিলেন যে, সহযোদ্ধারা তাকে ক্যাপ্টেন নিজাম বলে সম্বোধন করতেন। ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর, কানাইঘাটের আটগ্রাম সড়কের বাজারের খুব কাছে খাজা নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা একটি সেতু ধ্বংস করেন। এসময় দখলদার পাকিস্তানী বাহিনীর একটি দল কাছেই অবস্থান করছিলো এবং মুখোমুখি যুদ্ধে পাকিস্তানী বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন হয়। বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন বাংলা মায়ের সাহসী সন্তান খাজা নিজামউদ্দিন ভূঁইয়া। সিলেটের মোকামটিলায় রয়েছে বীর যোদ্ধার সমাধিস্থল এবং তাঁর স্মৃতিধরে রাখতে পুরো অঞ্চলটির নাম করন করা হয় নিজামনগর। স্বাধীনতার যুদ্ধে খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার সাহসী আত্মত্যাগের জন্য বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে তাকে ‘বীর উত্তম’ খেতাব এবং ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন। এই মহান যোদ্ধাকে নিয়ে প্রকাশিত হয়েছে স্মরকগ্রন্থ ‘নিশ্চিত সংগ্রামের শপথ’। ২০২১ সালে প্রকাশিত স্মারকগ্রন্থটি বীর উত্তমের জীবন ও স্মৃতি ভিত্তিক একটি প্রামাণ্য দলিল। বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ভাই এবং মাইলস্টোন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.)। তার ভাষ্য মতে, দিনটিকে তারা পারিবারিকভাবে স্মরণ করেন। এছাড়াও বীর উত্তমের সমাধিস্থলে স্মরণানুষ্ঠানের আয়োজন করবেন ‘বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মৃতি রক্ষা কমিটি’।
সংবাদ শিরোনাম
বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী কাল
-
শাহ বুলবুল - আপডেট সময় ০৭:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- 65
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















