কুড়িগ্রামের উলিপুরে ব্যাপক কৃষকের উপস্থিতি দেখে সার না দিয়ে ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সটকে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সার দিতে দেরি হওয়ায় কৃষকেরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় কুড়িগ্রাম টু চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ইউএনও এবং ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নতুন অনন্তপুর এলাকায়। কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর এলাকায় মেসার্স সুফিয়া এন্টার প্রাইজের সামনে মঙ্গলবার সকালে কৃষকরা সার নেয়ার জন্য জড়ো হন। এ সময় এক সাথে অনেক কৃষকের উপস্থিতি দেখে ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক ও নকুল কুমার এবং সার ডিলার প্রতিষ্ঠান না খুলে সটকে পড়েন। বিষয়টি বুঝতে পেরে ক্ষুদ্ধ কৃষকেরা ডিলারের দোকানের সামনে বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কুড়িগ্রাম টু চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে ২শ ১৫ বস্তা সার প্রায় ৫শ জন কৃষকের মাঝে বিতরন করা হয়। কৃষক আব্দুল আজিজ, আজিজার রহমান, আব্দুর রহিমসহ অনেকে জানান, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও সার পাচ্ছি না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও ডিলারের লোকজন না আসায় আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। মেসার্স সুফিয়া এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সার ডিলার সামছুল আলম বলেন, সার বিতরন করতে দেরি হওয়ায় কৃষকরা সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সুন্দর ভাবে সার বিতরন করা হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক সরাসরি কথা বলার জন্য তার অফিসে দেখা করতে বলে ফোনের সংযোগটি কেটে দেন। অপর উপ-সহকারী কৃষি কর্মকর্তা নকুল কুমারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, সার বিতরনের আগেই কিছু উশৃঙ্খল মানুষ সড়ক অবরোধ করেছিল। পরবর্তীতে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসি। বর্তমানে কোনো সমস্যা নেই। উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, ডিলার ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের ম্যানেজ করতে না পারায় একটু সমস্যা হয়েছিল। পরবর্তীতে সবার উপস্থিতিতে সার বিতরন করা হয়েছে। তেমন কোনো সমস্যা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ জানান, কৃষকের উপস্থিতি দেখে সার ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা একটু ভয় পেয়েছিল। পরবর্তীতে আমরা গিয়ে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি।
সংবাদ শিরোনাম
উলিপুরে সার বিতরণে দেরি হওয়ায় সড়কে বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ
-
মোবাশ্বারুল ইসলাম মুরাদ (উলিপুর) কুড়িগ্রাম - আপডেট সময় ০৭:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- 24
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























