নবহাসি সমাজ কল্যাণ সংস্থা ও ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার এর উদ্যোগে
নবহাসি সমাজ কল্যাণ সংস্থা ও ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার (World Child Cancer-WCC) এর যৌথ উদ্যোগে শিশু ক্যান্সার সচেতনতা সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলরুমে এ শিশু-ক্যান্সার সচেতনতা বিষয়ক সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। নবহাসি সমাজকল্যাণ সংস্থা (নাসো) এর সভাপতি ও প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম-সিলেট বিভাগের স্পেশাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে সংগঠনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জিন্নাত আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবহাসির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মীর মোহাম্মদ আজমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ১ম অতিরিক্ত দায়রা জজ মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকাররি অধ্যাপক ও শিশুক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইমরান হাবীব রাজু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা কমিটির বোর্ড সদস্য রোটারিয়ান মোহাম্মদ জসিম উদ্দিন ও অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মোছা. ফরিদা ইয়াসমিন বলেন, শিশু ক্যান্সার থেকে মুক্তি পেতে হলে সমাজের সবাইকে সচেতন হতে হবে।
এ সময় তিনি খাদ্যে বিভিন্ন ধরনের ভেজালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পথশিশুদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় নবহাসি সমাজকল্যাণ সংস্থা ও ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শিশু ক্যান্সার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষ অতিথি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ও শিশু ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. ইমরান হাবীব রাজু। বিশেষ অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, ভেজাল খাদ্য তৈরি করে যারা শিশুদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে, তাদের বিরুদ্ধে জোরালো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দিন মরণব্যাধি ক্যান্সার নিয়ে এ ধরনের জনসচেতনতামূলক সংলাপ আয়োজন করায় নবহাসি সমাজকল্যাণ সংস্থা ও ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান দেশের বিভিন্ন স্থানে আরও ব্যাপকভাবে আয়োজনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিশু ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পথশিশুদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানানো হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামীতে আরও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন সহ অবহেলিত পথশিশুদের নিয়ে বৃহৎ পরিসরে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

















