সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা পরিষদে হাসাউড়া গ্রামের আনারস চাষের সম্প্রসারণ এবং আনারসকে জিআই (এও) পণ্য হিসেবে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খান, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আমিনুল হক, আকরাম উদ্দিন, কর্ণ বাবু দাস, কৃষক জাহাঙ্গীর, চাঁন মিয়া, মোঃ শামসুদ্দিন ও তৃষ্ণা আক্তার রোশনা। এ সময় বক্তারা বলেন হাসাউরার আনারস চাষের জন্য চাষীদের প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে আরো সমৃদ্ধ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার এই ঐতিহ্যকে উন্নত করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। আনারস চাষ পাহড়ের উচুঁ জায়গায় আরো বেশি করে চাষ করা যায়। দেশে হাসাউরার আনারস স্বতন্ত্র। এর জন্য বিশেষ প্রকল্প নেওয়ার কথা বলা হয়। সভায় হাসাউরা গ্রামের কৃষক কৃষাণীরাও উপস্থিত ছিলেন। সভায় সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া সীমান্ত এলাকার আনারসের উৎপাদন ও গুণগত মান উন্নয়ন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, দেশের বাজারে এ আনারসের পরিচিতি বৃদ্ধি, ব্র্যান্ডিং, বাজার সৃষ্টি ও সম্প্রসারণ এবং ভবিষ্যতে আনারসকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক বলেন, হাসাউড়ার আনারসের স্বাতন্ত্র্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে এর ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় ও জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে উৎপাদিত এ কৃষিপণ্যের দেশব্যাপী পরিচিতি ও বাজার তৈরি করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য জিআই হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের মাটি, পানি, আবহাওয়া এবং সেখানকার মানুষের ঐতিহ্য ও সৃজনশীলতার ভিত্তিতে তৈরি কোনো পণ্যের বিশেষ স্বীকৃতি। এই স্বীকৃতি পণ্যটির ভৌগোলিক স্বকীয়তা ও অধিকার রক্ষা করে।
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে আনারস চাষ সম্প্রসারণে কৃষকদের সাথে মতবিনিময়
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০১:১৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















