জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলোতে দাপট দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ৩৫তম জাতীয় চ্যাম্পিয়নশিপে ৩৪টি স্বর্ণ, ২৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জসহ মোট ৭৩টি পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হয়েছে তারা। ১৬টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জসহ ৬৪ পদক নিয়ে রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় হয়েছে বিকেএসপি।
মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে ২৮ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শেষ দিনেও হয়েছে চারটি নতুন জাতীয় রেকর্ড। সব মিলিয়ে সাঁতারে নতুন জাতীয় রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে ২০। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতার শেষ দিনে সাঁতারের নয়টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
শেষ দিনে পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ২৩.৮৪ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। নিজেরই ২৩.৮৫ সেকেন্ডের রেকর্ড ভেঙে এই কীর্তি গড়েন তিনি।
পুরুষদের ১০০ মিটার মিডলে রিলে এবং মিক্সড ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতেও নতুন জাতীয় রেকর্ড গড়েছে নৌবাহিনী। অন্যদিকে নারীদের এক মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে নতুন রেকর্ড গড়েছেন নৌবাহিনীর অর্পা দাস।
পুরুষ বিভাগে সাতটি স্বর্ণ জিতে সেরা সাঁতারু হয়েছেন সামিউল ইসলাম রাফি। তার অর্জিত চারটি ইভেন্টে গড়েছেন জাতীয় রেকর্ড। নারী বিভাগে পাঁচটি স্বর্ণ ও একটি রৌপ্য জিতে সেরা সাঁতারুর স্বীকৃতি পেয়েছেন নৌবাহিনীর ফাতিহা মাহতাব মাইশা। তার ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় রেকর্ড।
ওয়াটারপোলোতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনী এবং তৃতীয় বাংলাদেশ পুলিশ। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী, রানার্সআপ বিকেএসপি।
শনিবার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ নৌবাহিনীর কমডোর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
সংবাদ শিরোনাম
জাতীয় সাঁতারে ২০ রেকর্ড, সেরা সামিউল ও মাইশা
-
স্পোর্টস ডেস্ক: - আপডেট সময় ১১:৫২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























