থানায় মামলা সাংবাদিকদের সহায়তা কামনা
সীতাকুন্ডের ভাটিয়ারীতে চাঁদা দাবীতে ব্যবসায়ীর উপর হামলা ও বাগান বাড়ির ১৯টি গাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ নভেম্বর সোমবার দুপুর ১টায় সীতাকুন্ড প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, হামলাসহ চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ফেলার অভিযোগ তুলেছেন ভাটিয়ারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ নুরুল আবছার। এ ঘটনায় সুমন, মনির ও সোহেল সহ কয়েক জনকে দায়ী করে নিজের স্বাভাবিক নিরাপত্তা এবং দায়েরকৃত মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। নুরুল আবছার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুমন‘সহ কয়েকজন তাঁর নিকট ৮ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে তিনি অস্বীকৃতি জানানোয় তাঁকে বিভিন্ন ভাবে হয়রানি ও ক্ষতিসাধনের চেষ্টা করে আসছে সুমন গং। তিনি আরও জানান, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারীতে প্রতিপক্ষের বাড়ির সামনে অবস্থিত নিজের বাগান বাড়িতে পরিচ্ছন্নতার কাজ তদারকি করতে গেলে সুমন তাঁর দিকে এগিয়ে এসে অশ্রাভ্য ভাষায় গালিগালাজ করেন এবং আঘাতের চেষ্টা চালান। এ ঘটনায় ওই দিন রাত ৯টার দিকে নিজের নিরাপত্তার স্বার্থে সীতাকুন্ড মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি। নুরুল আবছারের অভিযোগ, পর দিন ২১ অক্টোবর সকালে নিজের বাগানে গিয়ে একটি জামগাছ ও ১৮টি আমগাছ গোড়া থেকে কাটা অবস্থায় দেখতে পান। এতে তাঁর আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, গাছ কাটার বিষয়টি পরিদর্শনের সময় সুমনের বোন সেহেরী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সুমন এসে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কোমরে একাধিকবার লাথি মারেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি কোমরের ব্যথায় ভুগছেন বলে জানান। সংবাদ সম্মেলনে নুরুল আবছার বলেন, “আমি একজন সাধারণ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন খাতে রাজস্ব প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছি। কারও সঙ্গে বিরোধে জড়াতে চাই না। আমি শুধু নিজের নিরাপত্তা, সম্মান ও ন্যায় বিচার চাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোঃ শফি, মোঃ ইসলাম, নবী সওদাগর, মোহাম্মদ সিরাজ উদ-দ্দৌলা লেদু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দিল মোহাম্মদ, মোহাম্মদ দিদার ও মোঃ শিবলু‘সহ স্থানীয় এলাকাবাসী।
নাছির উদ্দিন (সীতাকুন্ড) চট্টগ্রাম 





















