রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা চাপাতির আঘাতে জখম হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমি ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হন।
পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। স্পটে এখনো পুলিশ অবস্থান করছে। আটকরা হলেন- গুলিবদ্ধ রুবেল ও আমির। বাকি দুজন কাশেম ও মো. জয়। এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে বিকাশের দোকানিকে কুপিয়ে তিন লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটায় কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপ।
ভুক্তভোগী শফিকুলের স্বজন মো. মুসলিম বলেন, আমার ভাই বাসা থেকে নগদ তিন লাখ টাকা নিয়ে দোকানে আসে। সে দোকান খুলে বসা মাত্রই ৪ থেকে ৫ জন চাপাতি হাতে দোকানে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে কোপ দিয়ে টাকা ও বিকাশ ব্যবহার করার মোবাইল নিয়ে যায়।
কবজি কাটা গ্যাংটি আদাবর ১০, ১৭, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা হাউজিংসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সংবাদ শিরোনাম
আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম
চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৯:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- 182
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























