সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠার মাধ্যমে সীমান্তে পুশইন এবং মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব মন্তব্য করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশইন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন সীমান্ত রয়েছে। এসব সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এ পরিস্থিতিতে অবৈধ পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও সজাগ থাকতে হবে। বাংলাদেশের সীমান্তে অবৈধভাবে কেউ প্রবেশ করলে বা সীমান্তে কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখলে দ্রুত বিজিবি ও প্রশাসনকে জানাতে হবে। বাংলাদেশি নাগরিকরা যেন কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। গতকাল বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া গ্রামের হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সীমান্তে ভারতীয় পুশইন ঠেকাতে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিজিবি সিন্দুরখান বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সিন্দুরখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি। সভায় এলাকাবাসির পক্ষে জানানো হয়, গ্রামবাসী ঐক্যবদ্ধ, যেকোনোমূল্যে ভারতীয় পুশইন ঠেকাতে তারা প্রস্তুত রয়েছেন।
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলে সীমান্তে ভারতীয় পুশইন ঠেকাতে ঐক্যবদ্ধ এলাকাবাসি উপজেলা প্রশাসনের সচেতনতামূলক বৈঠক
-
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি - আপডেট সময় ০৯:২৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- 135
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















