বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তবে জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না। জনগণই এসব অপতৎপরতা প্রতিহত করবে।
তিনি বলেন, ‘যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, বিগত সরকারের সময় দেশের অর্থ পাচার ও বিভিন্ন ধরনের দেশবিরোধী অপতৎপরতা চালানো হয়েছে। এখনো বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটেছে। তবে এ ধরনের পরিকল্পিত ও কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।
ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় এবং সামনে এগোনোর পথ সংকুচিত হয়ে আসে, তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাক্সক্ষা থেকে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল।
তিনি বলেন, সেই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
ইতিহাসের উদাহরণ টেনে বিএনপির এই নেতা বলেন, জার্মানিতে হিটলারের শাসনামলে অনেক প্রখ্যাত দার্শনিক ও সাহিত্যিক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বাংলাদেশেও বিগত স্বৈরাচারী সরকারের সময়ে অনেক পরিচিত বুদ্ধিজীবী সরকারের পক্ষে কাজ করেছেন।
স্বাধীনতার পর প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরতে না দেওয়ার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিবেক, মনুষ্যত্ব এবং প্রতিকূল সময়ে সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই শিক্ষার প্রকৃত সার্থকতা নিহিত।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৮:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- 1
গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। ছবি : বাসস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























