প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা প্রসঙ্গে ড. আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বিএনপি’র সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। ওনার চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করে।’
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা ওনাদেরকে (বিএনপি প্রতিনিধি দল) বলেছি-নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমন কী এই অ্যাসিউরেঞ্জ দিয়েছেন যে, জনপ্রশাসন বা অন্যান্য বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন।’
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় বা আস্থার সংকট তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘মাঠে-ঘাটে আস্থার সংকট হয়েছে কি না আমি জানি না। তবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রকম অনৈক্য থাকে, উনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে—ওইটার কারণে হয়তো এটা হয়েছে।’
উল্লেখ্য, এর আগে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করেন। এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।