নওগাঁ-৬ (আত্রাই-রাণনিগর) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম বলেছেন, আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার কোন ত্রুটি থাকবে না। আমি আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। তিনি বলেন, আত্রাই মোল্লা আজাদ সরকারি কলেজ এলাকার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা কলেজের শিক্ষার মানোন্নয়নে সচেষ্ট হোন। আমি কলেজের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকবো। আমি এ কলেজেরই ছাত্র ছিলাম। আজ এ বিদ্যাপিঠে এমপি হিসেবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমপি শেখ রেজাউল ইসলাম রেজু গত মঙ্গলবার বিকেলে কলেজ চত্বরে অনুষ্ঠিত কলেজ কর্তৃক তাকে দেয়া সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন। কলেজের প্রভাষক আখতারুজ্জানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার ওসি আব্দুল করিম, কলেজের সাবেক অধ্যাপক এএফএম মনসুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সাগর, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু মৃধা প্রমুখ।