শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার বিকেলে তাঁর নিজ বাড়িতে গিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান পরিবারের সদস্যদের হাতে এ উপহার তুলে দেন। এ সময় নিহতের স্ত্রী ছালিমা খাতুন, পুত্র ও কন্যাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহমর্মিতা তাদের দুঃসময়ে পাশে থাকার বার্তা দেয় বলে উল্লেখ করেন।
জানা যায়, অলিউল্লাহ মোল্যা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি যশোর থেকে প্রকাশিত ‘অনিবার্ণ’ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন।
২০১৬ সালের ১৭ জুলাই ঢাকাগামী একটি বাস থেকে নামিয়ে নিয়ে শ্যামনগরে তাঁর নিজ বাড়ির নিকটে গুলি করে হত্যা করা হয় অলিউল্লাহ মোল্যাকে। এ ঘটনায় এলাকায় তৎকালীন সময়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের অবদান দল সবসময় স্মরণ রাখে এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক নেতা অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেম, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী, শ্রমিকদল নেতা আসমত আলী, কৃষকদলের উপজেলা আহ্বায়ক নুরুজ্জামান, যুবদল নেতা নাজমুল হোসেন ও জুয়েল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।