চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের ভাওয়াল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে কৃষি জমির উর্বর টপসয়েল কেটে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজন ব্যক্তিকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল এলাকায় কৃষি জমির টপসয়েল কাটা ও বিক্রির বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। তিনি আরও বলেন, কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করার ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং কৃষি উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।