গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভোক্তা স্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন আইনে মোট ৬টি মামলায় সর্বমোট ১৭ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা পৃথকভাবে এ দ-াদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকায় প্রথম অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮-এর ৪৬ ধারায় ১ জনকে একটি মামলায় ৫ হাজার, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ১ জনকে একটি মামলায় ৫০০ ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ১ জনকে একটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রথম অভিযানে মোট ৩টি মামলায় ৬ হাজার টাকা অর্থদ- করা হয়। এদিকে, একই সময় একই এলাকায় দ্বিতীয় অভিযানে ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮-এর ৪৬ ধারায় ১টি মামলায় একজনকে ৫ হাজার ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ২টি মামলায় দুইজনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় অভিযানে মোট ৩টি মামলায় ১১ হাজার টাকা অর্থদ- করা হয়। পৃথক অভিযানে সর্বমোট ৬টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদ- করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে গাজীপুর বিএসটিআই’র পরিদর্শক মো. হাবিবুর রহমান, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের নিয়মিত অভিযান বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।