বান্দরবানের লামায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ইটভাটাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অর্থদ- প্রাপ্ত ইট ভাটা গুলোর মধ্যে বিবিএম ব্রিকসকে ২ লক্ষ টাকা ও কেবিসি ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে নিভিয়ে দেয়া হয়েছে এসব ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন। একইসঙ্গে অবৈধ ইটভাটা গুলোর কাঁচা ইট ধ্বংস করাসহ পাঁচশত ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ সহ আইনশৃঙ্খলা রক্ষায় লামা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার ব্যাটলিয়নের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।