শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২৫ শতাংশ কমিয়ে এসএসসির সিলেবাস প্রকাশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এবার বিষয়ভিত্তিক সিলেবাস কমানো হয়েছে ২০ থেকে ২৫ শতাংশ। সেই সিলেবাস শেষ করতে শিক্ষার্থীদের তিন-চার মাস শ্রেণিকক্ষে পড়ানো হবে।
গতকাল সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে সভা হয়। সেখানে সংক্ষিপ্ত সিলেবাস চূড়ান্ত করা হয়। এরপর সেই সিলেবাস আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
সংক্ষিপ্ত সিলেবাস করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিষয়ভিত্তিক শিক্ষক-কর্মকর্তা, বিশেষজ্ঞদের মতামত নিতে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) মাসব্যাপী কর্মশালা করা হয়। সেখানে দেশের নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বাচাই করা জেলা শিক্ষা, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নেয়া হয়। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় অধ্যায়গুলো রেখে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গত ১৭ জানুয়ারি তুলে দেয় এনসিটিবি।
জানা গেছে, মাধ্যমিকে সব বিভাগের মোট ৩২টি বিষয়ের ওপর কর্মশালা হয়। সে বিষয়গুলো গড়ে ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে। সব বিষয়ে সমান বলা যাবে না। কারণ একেক বিষয়ে একের ধরনের পাঠ কমেছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে- হিসাববিজ্ঞান, কৃষি, চারুকারু, বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, জীববিজ্ঞান, বৌদ্ধধর্ম, ব্যবসা উদ্যোগ, ক্যারিয়ার এডুকেশন, রসায়ন, খ্রিষ্টান ধর্ম, অর্থনীতি, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিন্দু ধর্ম, ইতিহাস, গার্হস্থ্যবিজ্ঞান, আইসিটি, ইসলাম ও আদর্শ শিক্ষা, গণিত, শারীরিক শিক্ষা, পদার্থবিজ্ঞান এবং বিজ্ঞান বিষয় রয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস শেষ হয়ে আগামী জুনে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে বলে জানা গেছে।
ফেব্রুয়ারিতে সব মাদরাসা খোলার প্রস্তুতি: আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব মাদরাসা পুনরায় খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
একই সঙ্গে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে একটি গাইডলাইনও তৈরি করা হয়েছে। সরকারের নির্দেশনা পেলে গাইডলাইন মেনে প্রতিষ্ঠান খুলে সব মাদরাসাকে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল সোমবার (২৫ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, এটি দেশের সব দাখিল, আলিম, ফাযিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ৫ ফুটের কম দৈর্ঘ্যের প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। আর ৫ ফুটের বেশি দৈর্ঘ্যের বেঞ্চে দুজন শিক্ষার্থী বসার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন ও নিরাপদ শিখন কার্যক্রম পরিচালনা করতে হবে মাদরাসাগুলোকে। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডলাইন পাঠানো হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গত বছরের মার্চ থেকে বন্ধ আছে দেশের সব দাখিল, আলিম, ফাযিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com