ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমরা কোরবানির পশু কিনতে হাটে যাচ্ছি, কিন্তু অনেকেই ঠিকমতো মাস্ক পরছি না। মাস্ক না পরলে আমরা নিজেরাই কোরবানি হবো।
গতকাল শুক্রবার (১৬ জুলাই) ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ নামে একটি ক্যাম্পেইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, যিনি হাটে গিয়ে পশু কিনবেন তিনি এমন বিক্রেতার থেকে পশু কিনবেন না যিনি মাস্ক পরেননি। আবার কোনো পশু বিক্রেতা এমন গ্রাহকের কাছে পশু বিক্রি করবেন না যিনি মাস্ক পরেননি। এটা সবার প্রতি আমার আহ্বান, আমার মেসেজ। কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা মাস্ক বা পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিটি করপোরেশন জরিমানা করবে বলেও সতর্ক করেন আতিক। নিজ বক্তব্যকালে সমাজের অবস্থাসম্পন্ন নাগরিকদের কাছে তিনি আবার ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অনুদানের আহ্বান জানান।
শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, এটুআই এই ক্যাম্পেইনের সহযোগী পার্টনার।