ধামরাইয়ে অবৈধ ভাবে কৃষি জমির মাটি কাটায় ৫ জনকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ৪টি ভেকু জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এই জরিমানা করেন। বুধবার (২ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় অভিযান চালিয়ে ৫টি ভেকুর মালিককে এই জরিমানা করা হয় এবং ৪ টি ভেকু জব্দ করা হয়। জানা যায়, দির্ঘদিন ধরে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটায় রোমান রেজাকে ২ লক্ষ টাকা, সাইফুল ইসলামকে ২ লক্ষ টাকা, বোরহান উদ্দিনকে ২ লক্ষ টাকা, মোস্তফা কামালকে ১ লক্ষ টাকা এবং কাউসার ইসলামকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মহিষাশী এলাকার বিপ্লব মাষ্টারের ১ টি ভেকুসহ ৪টি ভেকু জব্দ করা হয়। নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দির্ঘদিন ধরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ৫ জন মাটি ব্যবসায়ীকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ও কৃষি জমির মাটি কাটা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন অনুযায়ী ৫টি ভেকুর মালিকদেরকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ৪ টি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে।