নাটোরে কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষ্যে আর্জেন্টিনা সমর্থকরা গরু ভোজের আয়োজন করেছেন। রবিবার শহরতলীর ফতেঙ্গাপাড়ায় ৭৬ জন সমর্থকের উদ্যোগে এই ভোজের আয়োজনকে ঘিরে সমর্থকদের মধ্যে চলে আনন্দ উল্লাস। আজেন্টিনা সমর্থকরা জানান তারা তাদের প্রিয় দল আর্জেন্টিনার শুভ কামনায় গরু জবাই করে এই প্রীতি ভোজের আয়োজন করে। এই গরু ভোজের আয়োজন নিয়ে এলাকায় আনন্দের ঝড় বইছে। গরু ভোজের খবর আশপাশের গ্রামেও ছড়িয়ে পড়ায় উৎসুক অনেকেই আনন্দ উদ্দীপনা দেখতে ফতেঙ্গাপাড়া গ্রামে ছুটে গেছেন। দুর গ্রামেও লোক মুখে ছড়িয়ে পড়ছে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের এই গরু ভোজ আয়োজনের কথা। ফায়েজ উদ্দিন নামে এক সমর্থক জানান, এলাকার ৭৬ জন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক প্রত্যেকে এক হাজার করে টাকা জমা দিয়ে এই গরু কিনেছেন। তাদের প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে ওঠার আনন্দে এই গরু কেনার সিদ্ধান্ত হয়। গত শুক্রবার মৌখড়া হাট থেকে ৭৬ হাজার টাকায় গরুটি কেনা হয়েছে। গরু দেখতে গ্রামের নারী-পুরুষ দুদিন ধরে ভীর করেছেন। রোববার সকালে গরুটি জবাই করা হয়। দুপুরের পর থেকে চলতে থাকে রান্নার আয়োজন। আল আমিন নামে অপর এক সমর্থক বলেন, “তাদের টাকায় কেনা গরু ভোজের অনুষ্ঠানে এলাকার অন্তত ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেছে। আর্জেন্টিনার সমর্থকরা গরু জবাই থেকে শুরু করে রান্নার কাজেও সাহায্য করছে। সকলেই আনন্দ উল্লাস করে গরু ভোজের সকল কাজে অংশ নিচ্ছে। এই ভোজ নিয়ে পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে। সকলেই তাদের প্রিয় দল আর্জেন্টিনার সফলতা কামনা করছেন।” আলাল হোসেন নামে আরেক আর্জেন্টিনা সমর্থক বলেন,“ রাতে খেলা শুরুর আগে ভোজ আয়োজন শেষ করা হবে। ভোজ শেষে সকলে এক সাথে বসে খেলা দেখা হবে। আমাদের অধীর আগ্রহ বসে আছি, মেসির যাদুকরি খেলার উপভোগের দিকে। জয়-পরাজয় যাই হোক সমর্থকরা সবসময় আর্জেন্টিনা ও মেসির সাথে থাকবেন বলে জানান তিনি।”