তিনি শর্মিলা ঠাকুর। বাংলা এবং বলিউডের মুকুটহীনা সম্রাজ্ঞী। প্রয়াত ক্রিকেট অধিনায়ক পতৌদির নবাবের পতœী। ১৪ বছর পর তিনি বাংলা সিনেমায় ফিরলেন। শেষ বাংলা ছবি করেছিলেন অন্তহীন। এপার বাংলা ওপার বাংলায় সমান জনপ্রিয় নায়িকা-প্রযোজিকা ঋতুপর্ণা সেনগুপ্তর হাত ধরে বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা। পুরাতন নামক এই ছবিতে ঋতুপর্ণার মায়ের ভূমিকায় অভিনয় করবেন শর্মিলা। এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে শর্মিলা বললেন, এ যেন ঘরে ফেরা। এই টালিগঞ্জেই কাজ শুরু করেছিলাম… অনেক দিন আগে। ঋতু আবার আমাকে ফিরিয়ে আনলো।
ওর অনুরোধ ফেলতে পারলাম না। শর্মিলা, ঋতুপর্ণা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় থাকবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবির পরিচালক সুমন ঘোষ। তার পরিচালিত কাবুলিওয়ালা ছবির শুটিংয়ের জন্য তিনি এখন কার্গিলে। তাই, সাংবাদিক সম্মেলনে ছিলেন না। ঋতুপর্ণা বলেন, এই চরিত্রটা রিঙ্কু দি ছাড়া অন্য কেউ করবেন ভাবতেই পারিনি। আমি আর সুমন রিঙ্কুদিকে নির্বাচন করি। গল্প শুনেই উনি সম্মতি দেন। বাকিটা ইতিহাস।