শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্ত্রীর পক্ষে ভোটের প্রচারে নেমে ডিআইজি স্বামী বরখাস্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী স্ত্রী শাহজাদী আলম ওরফে লিপির পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ায় বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ বরখাস্তের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হামিদুল আলমকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু, হামিদুল আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জানা যায়, ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা হামিদুল আলমের স্ত্রী শাহাজাদী আলম ওরফে লিপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হামিদুল আলম সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। যার সত্যতা পেয়েছে বগুড়া-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি। গত বুধবার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব (চলতি দায়িত্বে) মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বরিশাল মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে জানানো হয়।
ইসি সূত্র জানায়, সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে তলব করে নির্বাচনি অনুসন্ধান কমিটি। বুধবার বগুড়া-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা. শাহনাজ পারভীন এ নোটিশ দেন। নোটিশে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা তিনটার মধ্যে অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
এতে স্ত্রীর পক্ষে ভোটের প্রচারে হামিদুল আলমের অংশ নেওয়ার সত্যতা পাওয়া যায়। কমিটির তলবে হাজির হয়ে কী ব্যাখ্যা দিয়েছেন জানতে চাইলে হামিদুল আলম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি যানবাহন ব্যবহার করে আমার স্ত্রীর প্রচারে অংশ নেওয়ার বিষয়টি বানোয়াট। আমি বিষয়টি অনুসন্ধান কমিটির কাছে তুলে ধরেছি। বাকিটা উনারা দেখবেন।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com