জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ?নিবার সকাল ১০টায় পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে নেতাকর্মিদের উপস্থিতিতে বিএনপির জনসমাবেশ জনসমুদ্রে রুপ নেয়। সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম এর সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও কেন্দ্রিয় ওলামাদলের সাবেক মহাসচিব মাওলানা শাহ নেছারুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংষু সরকার কুট্টি, বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু। জনসমাবেশে বক্তারা বলেন, গত পনের বছরে পটুয়াখালীর বিএনপির অফিস ১৪বার ভেঙ্গে চুরমার করেছে, এমনকি অফিসের ফ্যানের পাখা গুলোও চুরি করে নিয়ে গেছে। আমরা রাস্তায় নামতে পারেনি, ঘরে ঘুমাতে পারিনি, সন্তানের খোজ নিতে পারিনি, তারপরেও জেলার মধ্যে ছিলাম কিন্তু দেশ থেকে আমাদের কেউ পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেছে। দলের সদস্যদের কথা তিনি চিন্তা করেননি। বক্তারা বলেন, পটুয়াখালী শান্তির শহর আমরা সম্মিলিত ভাবে এই শহরকে শান্তিপ্রিয় শহর বানিয়ে রাখবো। নেতাকর্মীরা সকাল থেকে পৌর শহর এবং সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন। এসময় কারও হাতে ধানের ছড়া, জিয়াউর রহমানের প্লাকার্ড ছিল। এছাড়া খালেদা জিয়ার প্রতিরুপ সাজিয়ে ঢাকঢোল পিটিয়ে গোটা শহর মিছিলে মিছিলে আলোড়ন সৃষ্টি করেন। জনসভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মৎস্যজিবীদল, তাঁতিদল মহিলাদল, কৃষকদলের নেতাকর্মীসহ দলের সমর্থকরা উপস্থিত ছিলেন।