টাঙ্গাইলে শ্রমিকদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের শিল্পকলা একাডেমীতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম উক্ত কর্মীসভার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিকদলের সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর। জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির) এর সঞ্চালনায় জেলা ও উপজেলার শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বৈরাচারের শাসনামলে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে কষ্টে দিনযাপন করেছে। নিত্যপণ্যের লাগামহীন উর্দ্ধগতি, বারবার তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারনে দেশের সাধারণ মানুষের ন্যায় শ্রমজীবী মানুষেরা ভালো ছিলোনা। তাই আমাদের শ্রমিকদের কল্যাণে কাজ করতে হবে। সভায় ২১ শে আগষ্ট গ্রেণেড হামলার মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুসহ অন্যরা বেকসুর খালাস পাওয়ায় মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হয়েছে বলে উল্লেখ করেন। সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।